ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাছে বাঁধা ছিল কৃষকের লাশ, পা ছিল মাটিতে

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৮ মে ২০২৬  
গাছে বাঁধা ছিল কৃষকের লাশ, পা ছিল মাটিতে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বখতিয়ার হোসেন (৩৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর-আঠারোখাদা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বখতিয়ার হোসেন উপজেলার গাংনী ইউনিয়নের রামনগর গ্রামের নজরুল মালিতার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

আরো পড়ুন:

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কোরবানির ছাগল নিয়ে বখতিয়ার হোসেন উপজেলার মাজহাট গ্রামে বোনের বাড়িতে যান। সন্ধ্যার পর সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ সময় তার মোবাইলে ব্যবহৃত নম্বরও বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এক পথচারী মোটরসাইকেলে যাওয়ার সময় এনায়েতপুর-আঠারোখাদা সড়কের পাশের মাঠে একটি মেহগনি গাছের সঙ্গে বখতিয়ারের মরদেহ বাঁধা দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে মরদেহের অবস্থান দেখে সন্দেহের সৃষ্টি হয়। গলায় রশি থাকলেও মরদেহ পুরোপুরি ঝুলন্ত ছিল না, পা ছিল মাটিতে। এছাড়া তার নাক দিয়ে রক্ত ঝরছিল।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, “মরদেহেরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়