ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল আর নেই
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম।
ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ঢাকা থেকে মরহুমের মরদেহ ঠাকুরগাঁওয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তার জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
সিপিবির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-২ আসন থেকে দবিরুল ইসলাম সর্বপ্রথম ১৯৮৬ সালে এবং দ্বিতীয়বার ১৯৯১ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। দলটির মনোনয়নে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন।
সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বার্ধক্যজনিত জনিত কারণে নির্বাচন থেকে সরে দাড়ান। তিনি নির্বাচনে তার বড় সন্তান মাঝারুল ইসলাম সুজনকে সমর্থন দেন।
রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ে এসে কিছুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই নেতাকে। ২০২৪ সালের ৩ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভূমি দখল ও চাঁদাবাজির মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাগারে থাকায় তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। মানবিক বিবেচনায় ২০২৬ সালের এপ্রিল মাসে তিনি জামিনে মুক্তি পান।
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু