ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রুয়েটের উপাচার্য হলেন ড. আব্দুর রাজ্জাক

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ অক্টোবর ২০২৪  
রুয়েটের উপাচার্য হলেন ড. আব্দুর রাজ্জাক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।

রোববার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী ৪ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও  আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাককে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

এর আগে, গত ৩১ আগস্ট রুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এরপর উপাচার্য ছাড়াই চলছিল রুয়েটের কার্যক্রম। ডিনদের সর্বসম্মতিক্রমে পুরকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।

/ফাহিম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়