ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবির ক্রীড়া কমিটির আহ্বায়কের বিরুদ্ধে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:০০, ৩ ফেব্রুয়ারি ২০২৬
জবির ক্রীড়া কমিটির আহ্বায়কের বিরুদ্ধে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ

জবি শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক রইছ উদ্দিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল ম্যাচে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জবি শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, নিজ বিভাগ ইসলামিক স্টাডিজকে জেতাতে খেলায় অনিয়ম করেছেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসলামিক স্টাডিজ ও লোকপ্রশাসন বিভাগের মধ্যকার ফুটবল ম্যাচ শেষে এ অভিযোগ তোলেন লোকপ্রশাসন বিভাগের অধিনায়ক বনমালী বর্মন।

আরো পড়ুন:

তিনি জানান, এর আগে সোমবার ফাইন্যান্স বিভাগের বিপক্ষে ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ নম্বর খেলোয়াড় মুস্তাজিব ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখান। কিন্তু মঙ্গলবারের ম্যাচে সেই খেলোয়াড়কেই আবার মাঠে নামতে দেওয়া হয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক রইছ উদ্দিন জানান, রেফারি পরিবর্তনের মাধ্যমে লাল কার্ডটি প্রত্যাহার করা হয়েছে, যা ক্রীড়া কমিটির সিদ্ধান্ত।

এছাড়া, ম্যাচে ১৩ ব্যাচের শিক্ষার্থী ও আবাহনী ক্লাবের খেলোয়াড় মাহফুজ হাসান প্রীতম অংশ নেন, যা টুর্নামেন্টের নিয়মবহির্ভূত বলে দাবি করেন বনমালী বর্মন।

তিনি আরো বলেন, “এত অনিয়মের পর আমি বলেছিলাম, এভাবে হলে আমরা খেলব না। তখন রইছ স্যার বলেন খেললে খেল, না খেললে দরকার নাই। পরে আমাদের বিভাগের শিক্ষকদের অনুরোধে বাধ্য হয়ে আমরা খেলতে নামি।”

অভিযোগের বিষয়ে রইছ উদ্দিন বলেন, “তাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা ফুটবল টুর্নামেন্টের উপ-কমিটিকে জানাতে হবে।” পাশাপাশি লোকপ্রশাসন বিভাগকে খেলতে নিষেধ করার অভিযোগ অস্বীকার করেন তিনি।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়