ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিকৃবিতে প্রশাসনিক অনিয়মে প্রতিবাদ, শিক্ষককে মারধরের অভিযোগ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
সিকৃবিতে প্রশাসনিক অনিয়মে প্রতিবাদ, শিক্ষককে মারধরের অভিযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উপাচার্য ড. আলিমুল ইসলামের প্রশাসনিক অনিয়মের প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষক ড. মোহাম্মদ মাহবুব ইকবালকে মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলা ঘটেছে।

আরো পড়ুন:

অভিযোগে বলা হয়েছে, হামলার নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জসিম উদ্দিন আহমদ।
হামলায় প্রফেসর মাহবুব ইকবাল আহত হয়েছেন।

এ বিষয়ে কৃষিবিদ্যা ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, “আমাকেও তারা লাথি দিয়েছে। আমরা উপাচার্যের প্রশাসনিক অনিয়ম ও প্রশ্ন-উত্তর নিয়ে ভিসির সঙ্গে দেখা করতে গেলে হঠাৎ আমাদের লক্ষ্য করে আক্রমণ চালানো হয়।”

এই ঘটনায় ক্যাম্পাসে শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

ক্যাম্পাসজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেক শিক্ষক হামলাকে ‘মত প্রকাশের ওপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষকদের একটি অংশ জরুরি বৈঠকের প্রস্তুতিও নিচ্ছেন।

বর্তমান ভিসি দায়িত্ব নেওয়ার পর থেকে অযোগ্য প্রার্থী নিয়োগ, পদোন্নতি থেকে শিক্ষক বঞ্চিত হওয়া এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষকরা অভিযোগ করেছেন, এসব বিষয়ে প্রশ্ন তুললেই সম্প্রতি হামলার মতো ঘটনা ঘটছে।

প্রফেসর মাহবুব ইকবাল বলেন, “আমরা অনিয়মের প্রতিবাদ করতে গেলে ভিসি ও প্রক্টরের লোকজন আমাকে মেরে রক্তাক্ত করেছেন। আমার নাক-মুখ ফেটে গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছি, এখন বিশ্রামে আছি।”

সিকৃবি উপাচার্য, প্রক্টর ও ভিসির ব্যক্তিগত সহকারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/রাহাত/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়