বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুশ্রী সরকার, রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ-এর ১৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে কলেজ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইব্রাহিম আলী। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠনের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। পাশাপাশি উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী বলেন, “দেড় শতাব্দীরও বেশি সময় ধরে রাজশাহী কলেজ দেশের অন্যতম গর্বের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজস্ব মর্যাদা ধরে রেখেছে। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।”
তিনি আরো বলেন, “পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যেই কলেজ এগিয়ে যাচ্ছে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ মো. ইব্রাহিম আলী বলেন, “আমাদের প্রিয় রাজশাহী কলেজের প্রতিষ্ঠা দিবস একটি গৌরবোজ্জ্বল দিন। এই উপলক্ষে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব মহৎ শিক্ষকদের, যাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই প্রতিষ্ঠান আজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”
১৮৭৩ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ দীর্ঘ পথচলায় শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ঢাকা/সুশ্রী/জান্নাত
চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী