জাবিতে লোডশেডিংয়ের নতুন সময়সূচি
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিনের এক ঘণ্টার লোডশেডিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনিক, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সুবিধা দিতে আগের বিকেল ৪টা থেকে ৫টার সময় পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিস নতুন এই সময়সূচি নির্ধারণ করেছে।
এর আগে, ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র প্রয়োজনীয় বিদ্যুতের মাত্র এক-তৃতীয়াংশ পাচ্ছে। এই ঘাটতির ফলে অন্যান্য ফিডারের পাশাপাশি জাবিতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়। জাতীয় এই সংকটকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
ঢাকা/আহসান/জান্নাত