জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: প্রতিবাদে ছাত্রশিবিরের ৪ দফা দাবি
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। এ সময় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
বুধবার (১৩ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র সমালোচনা করে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “গত রাতে ক্যাম্পাসে এমন একটি স্পর্শকাতর ঘটনা ঘটার পরও উপাচার্য বা প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হননি। যেখানে আমাদের একজন বোন ধর্ষণের শিকার হতে পারতেন, এমনকি তাকে হত্যাও করা হতে পারত; সেখানে তারা কীভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারেন? আজ হয়তো আমরা ওই শিক্ষার্থীর জানাজার জন্য এখানে দাঁড়াতাম।”
তিনি আরো বলেন, “এই ঘটনায় প্রশাসনের অনুপস্থিতি প্রমাণ করে যে, তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছেন না; বরং নিজস্ব স্বার্থ ও দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছেন।”
মানববন্ধন শেষে ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা) এবং কোষাধ্যক্ষের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবি পেশ করেন।
ছাত্রশিবিরের দাবিগুলো হলো—ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা জনবল বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়ের অরক্ষিত প্রবেশদ্বার ও ভাঙা সীমানাপ্রাচীর দ্রুত সুরক্ষিত করা এবং ক্যাম্পাসে কর্মরত বহিরাগত শ্রমিকদের ডাটাবেজ তৈরি করে তাদের ওপর নজরদারি নিশ্চিত করা।
গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের তৎপরতায় ওই শিক্ষার্থী রক্ষা পান।
শাখা ছাত্রশিবিরের নেতা ফেরদৌস আল হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পর্ষদের সদস্য মোস্তাফিজুর রহমান, শাখা সেক্রেটারি মাজহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
ঢাকা/আহসান/জান্নাত
প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর