ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ জন ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৫ মার্চ ২০২৬  
দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ জন ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থা শুরু থেকে গত ৫দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিল। ফ্লাইট ক্রুরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল। সেই অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশের মাটিতে তাদের ফিরিয়ে আনা হয়েছে। 

বলার অপেক্ষা রাখে না এমন পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের পরিবার পরিজন চরম উৎকন্ঠায় সময় পার করছিল। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করতে পেরেছে।

একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি ক্রমে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। 

ইতিমধ্যে আজ ৫ মার্চ একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপর ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আগামীকাল ৬ মার্চ, শুক্রবার সকালে ঢাকায় অবতরণ করবে। 

বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়