জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি, প্রধান অর্থমন্ত্রী
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির প্রধান করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।
বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকট আরো তীব্র হতে পারে। সে বাস্তবতা মাথায় রেখেই সরকার আগাম প্রস্তুতি হিসেবে এই কমিটি গঠন করেছে। সংকট মোকাবিলায় কী ধরনের নীতিগত ও বাস্তব পদক্ষেপ নেওয়া যায়, তা কমিটি পর্যালোচনা করবে।
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সাশ্রয় কার্যক্রম শুরু হয়েছে। অফিসে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা, ব্লাইন্ড পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বাথরুম ও করিডোরে এনার্জি সেভিং লাইট ব্যবহারের কথাও বলা হয়েছে।
এসি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে স্থাপিত এসি বন্ধ করতে হবে এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো এসি চালানো যাবে না। এই নির্দেশনা সরকারি সব অফিস আদালত, এমনকি মন্ত্রীদের কার্যালয় ও মসজিদেও প্রযোজ্য হবে।
এর আগেও এসির তাপমাত্রা নিয়ন্ত্রণের ঘোষণা এলেও বাস্তবায়ন হয়নি- এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, এবার নির্দেশনা বাস্তবায়নে সরাসরি তদারকি করা হবে। কমিটি মাঠে গিয়ে এসব সিদ্ধান্ত কার্যকর করবে।
তিনি বলেন, আমাদের সবাইকে অভ্যাস বদলাতে হবে। জ্বালানি সাশ্রয় এখন আর বিকল্প নয়, এটা সময়ের দাবি।
কমিটির নেতৃত্ব প্রসঙ্গে তিনি আরো জানান, অর্থমন্ত্রী মূলত আর্থিক দিকগুলো দেখবেন এবং সংকট দীর্ঘ হলে কীভাবে অর্থনৈতিক চাপ সামাল দেওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
ঢাকা/এএএম/রাসেল