ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড বাধ্যতামূলকের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১২ মে ২০২৬   আপডেট: ১৯:২৪, ১২ মে ২০২৬
ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড বাধ্যতামূলকের নির্দেশ

বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করার সময় জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগ সংক্রান্ত নথি দ্রুত যাচাই করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব নথিতে বাধ্যতামূলকভাবে কিউআর কোড যুক্ত করতে হবে।

মঙ্গলবার (১২ মে ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। 

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের সময় বাংলাদেশী নাগরিকদের কোনো দূতাবাস বা ভিসা সেন্টারগুলোতে আবেদনকারীদের বিভিন্ন ব্যাংক নথি জমা দিতে হয়। তবে এসব নথি তাৎক্ষণিকভাবে যাচাই করার কার্যকর ব্যবস্থা না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলো নানা সমস্যার মুখে পড়ছে। এতে ভিসা প্রক্রিয়ায় সময় ও প্রশাসনিক ব্যয় বাড়ছে।

এমন পরিস্থিতিতে ব্যাংক স্টেটমেন্টসহ সংশ্লিষ্ট নথিগুলো ডিজিটালভাবে দ্রুত যাচাইয়ের ব্যবস্থা চালু করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনের জন্য দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেট অনলাইনে যাচাই করতে অবশ্যই কিউআর কোড থাকতে হবে। যাতে স্ক্যান করে গ্রাহকের ব্যাংক স্টেটমেন্ট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়। কিউআর কোডের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টে শুরু ও শেষের স্থিতি এবং স্টেটমেন্ট তৈরির তারিখ যাতে দেখা যায় সেই ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এসব তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ করতে হবে এবং যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, নির্দেশনা কার্যকর করতে ব্যাংকগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার বিষয়েও বিদ্যমান বিধি মেনে চলতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা/নাজমুল//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়