ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজার নিয়ে বিএসইসি ও এডিবির বৈঠক, কারিগরি সহায়তার আশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৫ মার্চ ২০২৬  
পুঁজিবাজার নিয়ে বিএসইসি ও এডিবির বৈঠক, কারিগরি সহায়তার আশ্বাস

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এডিবি।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এ বৈঠক হয়। রবিবার (১৫ মার্চ) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, পরিচালক মো. আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মনোহরী গুণাবর্ধনা, সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এবং মিশন লিডার, ফাইন্যান্স সেক্টর অফিস (এসডি৩- এফআইএন)। প্রতিনিধিদলে আরো ছিলেন মোহাম্মদ রাশেদ আল হাসান, সিনিয়র প্রজেক্ট অফিসার (ফিন্যান্সিয়াল সেক্টর) আজিজুল কাদির, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অফিসার, এসএআরডি।

আলোচনায় বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত ক্যাপিটাল মার্কেট ডায়াগনস্টিক সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে দেশের জিডিপির তুলনায় পুঁজিবাজারের আকার বর্তমান প্রায় ১০ শতাংশ থেকে কমপক্ষে ৪০ শতাংশে উন্নীত করারে লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে। এ লক্ষ্য অর্জনের জন্য বৃহৎ আকারের কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আকৃষ্ট করার বিষয়ে কর ও অন্যান্য নীতিগত সংস্কারের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুঁজিবাজারকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) সুশাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগের কথাও উল্লেখ করা হয়।

স্বল্পমেয়াদে বিএসইসি কমিশনের কার্যক্রমে ডিজিটালাইজেশন ও অটোমেশন বাড়ানোর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি, দক্ষ জনবল বৃদ্ধি এবং বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বন্ড গ্যারান্টি ফান্ডের মতো নিরাপত্তা ব্যবস্থা চালুর বিষয়েও সভায় আলোচনা হয়। পুঁজিবাজারে বড় ঋণগ্রহীতাদের অংশগ্রহণ বাড়াতে একটি যৌথ কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয়, যেখানে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে কাজ করবে। বড় ঋণগ্রহীতাদের পুঁজিবাজারে অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে বলে সভায় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাজারে বৃহৎ কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে উৎসাহিত করার জন্য বিএসইসি তার আইনি ক্ষমতার আওতায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়েছে এবং এ ক্ষেত্রে বড় বাজার অংশীদারিত্বসম্পন্ন কোম্পানিগুলোর একটি অংশের শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য প্রণোদনা প্রদানের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সভায় বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে এডিবি। বিশেষ করে, কার্যকর বন্ড গ্যারান্টি ফান্ড গঠনের জন্য সম্ভাব্য মডেল নির্ধারণে সমীক্ষা পরিচালনা এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করতে সহায়তা দেওয়ার বিষয়েও এডিবি আগ্রহ ব্যক্ত করে। 

সভায় উভয় পক্ষ বাংলাদেশের পুঁজিবাজারকে আরো শক্তিশালী, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিষয়ে আশা ব্যক্ত করে।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়