ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২৫, ১৮ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার (১৮ জানুয়ারি) চূড়ান্ত খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেতে পারে।

অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। এর মধ্যে রয়েছে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে খসড়া প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, অধ্যাদেশের খসড়া প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করার উপযোগী একটি কাঠামো নির্ধারণই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সকলের ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার কারণেই এ জটিল প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ও অবকাঠামোগত সংস্কার ধাপে ধাপে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা জরুরি। যেকোনো পর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এমতাবস্থায়, অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, পারস্পরিক সহযোগিতা ও ধৈর্যের এই ধারাবাহিকতা বজায় থাকলে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়