সুর পাল্টালেন নওয়াজউদ্দিন সিদ্দিকী
জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয় দক্ষতায় দর্শক মনে জায়গা করে নিয়েছেন। বড় পর্দার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে তার ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজটি বেশ প্রশংসা কুড়িয়েছে।
তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন নওয়াজউদ্দিন। শুধু তাই নয়, এজন্য তিনি এই মাধ্যমকেই বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।
কিন্তু সম্প্রতি তার সুর পাল্টে ভিন্ন কথা বলেন এই অভিনেতা। তার দাবি, বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়ছেন না বলেও জানান তিনি।
এর আগে নওয়াজউদ্দিন দাবি করেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হয়ে ওঠার পর বড় প্রোডাকশন হাউজগুলো প্রতারণার আশ্রয় নিচ্ছে।
তিনি বলেন, ‘এই প্ল্যাটফর্মটা ইদানীং আবর্জনার স্তূপ হয়ে উঠেছে। এখানে এমন সব অপ্রয়োজনীয় শো দেখানো যা দেখার মতোই নয়। এছাড়া সিক্যুয়েলে ভরপুর। নতুন কিছু দেখার মতো থাকে না।’
ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়ার ব্যাপারে এই অভিনেতা বলেন, ‘এই মাধ্যমগুলো নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা ছিল। অভিনেতারা চ্যালেঞ্জ নিতেন। নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া হতো। সেই বিষয়টা আর নেই। বড় হাউজগুলোর প্রতারণার জায়গা হয়ে উঠেছে। যারা অভিনেতা ছিলেন, তারা ওটিটি প্ল্যাটফর্মে এসে তারকা হয়ে গেছেন।’
বড় পর্দার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় করেও প্রশংসীত হয়েছেন নওয়াজ। নেটফ্লিক্সের ‘সিরিয়াস মেন’ সিনেমা ও ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজের জন্য দু’বার আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন এই অভিনেতা।
ঢাকা/মারুফ