ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোগল: আশা ভোসলে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১০ আগস্ট ২০২৩   আপডেট: ১১:৫৩, ১০ আগস্ট ২০২৩
আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোগল: আশা ভোসলে

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। আগামী ৮ সেপ্টেম্বর নব্বই বছর বয়সে পা দেবেন আশা। জন্মদিন উপলক্ষে দুবাইয়ে একটি লাইভ কনসার্টে অংশ নেবেন তিনি। গত ৮ আগস্ট মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এসময় নানা বিষয়ে কথা বলেন এই শিল্পী।

ক্যারিয়ারের শুরুর দিকে কথা প্রসঙ্গে আশা ভোসলে বলেন, ‘আমি ১৯৪৫ সালে মুম্বাইয়ে আসার পর হিন্দি গান গাইতে শুরু করেছিলাম। আজ এই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা রয়েছেন, তাদের আমি চোখের সামনে জন্মগ্রহণ করতে দেখেছি।’

আরো পড়ুন:

দুবাইয়ে আশা@নাইনটি লাইভ ইন কনসার্ট অনুষ্ঠিত হবে। এই সংগীত আসরে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী তার বোন লতা মঙ্গেশকরের কথাও তুলে ধরা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনে আমার মা–বাবা ও ভাই-বোনদের অনেক বড় অবদান। আমরা ভাইবোনেরা হাতের পাঁচ আঙুল। আমার জীবনের প্রতিটি পর্যায়ের সঙ্গে তারা জড়িয়ে আছে।’

ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে গিয়ে এই প্লেব্যাক গায়িকা বলেন, ‘আমি ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস জানি। আমার কাছে অনেক গল্প আছে। এসব গল্প যদি বলতে যাই, তবে ৩-৪ দিন কেটে যাবে। আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোগল।’

তরুণ প্রজন্মের উদ্দেশে আশা ভোসলে বলেন, ‘প্রত্যেক মানুষের খুঁজে বের করা উচিত, তার মধ্যে কী প্রতিভা আছে। সেই প্রতিভা বিকশিত করার প্রয়োজন আছে। আমি কখনো ভাবিনি যে প্লেব্যাক গায়িকা হব। কিন্তু নিজেকে আরো সমৃদ্ধ করার সুযোগ হাতছাড়া করিনি। তাই প্রায় রোজই রেওয়াজ করি।’

১৯৪৩ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন আশা ভোসলে। ৮ দশকের বেশি সময়ব্যাপী তার কর্মজীবন। শুধু হিন্দি নয়, অন্যান্য ২০টি ভারতীয় ভাষার পাশাপাশি বেশ কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন।

সংগীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয়, তিনি ১২০০০ এরও অধিক গান গেয়েছেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়