পলাশ, এন্ড্রু কিশোরের ফিরিয়ে দেয়া গান গেয়েই আসিফের বাজিমাত
আসিফ আকবরের গাওয়া তুমুল জনপ্রিয় গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশিত হয়েছিল ২০০১ সালের ৩০ জানুয়ারি। গান প্রকাশের ২৩ বছর পর জানা গেল, গানটি গাওয়ার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল কণ্ঠশিল্পী পলাশকে। তিনি ফিরিয়ে দেওয়ার পর গানটি শোনানো হয় এন্ড্রু কিশোরকে। তিনিও গানটি ফিরিয়ে দেন।
সর্বশেষ ‘আনকোরা’ গায়ক আসিফ তার কণ্ঠে তুলে নেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি। প্রকাশের অল্প সময়ের ব্যবধানে তারকায় পরিণত হন আসিফ আকবর। গানটির গীতিকার-সুরকার ইথুন বাবু নিজেই রেকর্ড সৃষ্টিকারী এই গানের নেপথ্যের কাহিনি জানিয়েছেন।
‘এখনো মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে/ শুনি তোমার পায়ের আওয়াজ/ যেন তুমি এসেছো ফিরে’— আসিফ আকবরের আরেকটি শ্রোতাপ্রিয় গান এটি। সম্প্রতি গানটি কাভার করেছেন শাহরিয়া লিপি। এ গানের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক আসিফ আকবর, পলাশ, গীতিকার-সুরকার ইথুন বাবু। এই প্রকাশনা অনুষ্ঠানেই গায়ক পলাশকে মঞ্চে ডেকে নিয়ে এসব তথ্য জানান ইথুন বাবু।
তবে শ্রোতাপ্রিয় এ গান গাইতে না পারায় পলাশের কোনো আফসোস নেই। বরং আসিফের গলায় গানটি ভালো মানিয়েছে বলে জানান তিনি।
শাহরিয়া লিপি মূলত শখের বসে গান করেন। গান তার পেশা নয়। এর আগেও তিনি আসিফ আকবরের সাথে ডুয়েট গান করেছেন। ‘এখনো মাঝে মাঝে মাঝ রাতে’ গানটি এ গায়িকার পছন্দের একটি গান বলে কাভার করেছেন। গানটি প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ব্যানারে। প্রকাশনা অনুষ্ঠানে আসিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তার সাথে আরো গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন লিপি।
প্রকাশনা অনুষ্ঠানে আগত অতিথিদের গান গেয়ে শোনান শাহরিয়া লিপি, পলাশ, রোজেন। এক পর্যায়ে উপস্থিতদের অনুরোধে মঞ্চে আসেন আসিফ আকবর। গেয়ে শোনানা রাহুল দেব বর্মণের কালজয়ী গান ‘মনে পড়ে রুবি রায়’।
ঢাকা/রাহাত/শান্ত
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার