ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ষাটে আমিরের প্রেম, ঠাট্টা করলেন সালমান খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৮:৫৬, ১৮ জুন ২০২৫
ষাটে আমিরের প্রেম, ঠাট্টা করলেন সালমান খান

প্রেমিকা গৌরির সঙ্গে আমির খান, সালমান খান

কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভাঙার পর বেশ কিছু দিন সিঙ্গেল জীবনযাপন করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। পার্টনার বিহীন জীবন কিছুদিন কাটানোর পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান ষাট বছরের আমির খান। কয়েক দিন আগে প্রেমিকা গৌরি স্পাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে হইচই ফেলে দিয়েছেন ‘দঙ্গল’ তারকা।

এবার আমির খানের প্রেম-বিয়ের প্রসঙ্গ উঠে এলো কপিল শর্মা সঞ্চালিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ অনুষ্ঠানে। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আমির খানকে নিয়ে ঠাট্টা করলেন তারই বন্ধু বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান।   

আরো পড়ুন:

কপিল শর্মা বলেন, “আমির ভাই অপ্রতিরোধ্য, অথচ আপনি এখনো সেই দৌড় শুরুই করেননি।” জবাবে সালমান খান বলেন, “সত্যি বলতে, আমির খান তার নিজের দল নিয়ে অবস্থান করছে। পৃথিবী তাকে পারফেকশনিস্ট হিসেবে চেনে। সুতরাং যতক্ষণ সে বিয়েতে নিখুঁত না হচ্ছে…।” এরপরই হাসিতে ফেটে পড়েন সালমান খান।

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের নতুন এই পর্ব এখনো প্রচার হয়নি। তবে এ পর্বের প্রমো প্রকাশিত হয়েছে। সেখানে এভাবে কথা বলতে দেখা যায় সালমান-কপিল শর্মাকে। আগামী ২১ জুন রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রকাশিত হবে পর্বটি।

ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়