ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধানুশ-ম্রুণালের বিয়ে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৩৩, ১৬ জানুয়ারি ২০২৬
ধানুশ-ম্রুণালের বিয়ে?

ধানুশের সঙ্গে ম্রুণাল ঠাকুর

গুঞ্জন উড়ছে, বিয়ে করতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আগামী ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে সাতপাকে বাঁধা পড়বেন তারা! খবর দ্য ফ্রি প্রেস জার্নালের।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরে ধানুশ-ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন। তবে এ নিয়ে তারকা জুটির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

আরো পড়ুন:

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। একাধিকবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। একাধিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। এ পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। এ মুহূর্তের ভিডিও ক্লিপ এখন অনলাইনে ভাইরাল। 

এরপর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ধানুশ। সেখানেও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। মূলত, তারপরই অনেকের মনে প্রশ্ন—তারা কি কেবল বন্ধু, না কি এর চেয়েও বেশি কিছু? এ নিয়ে জোর চর্চা হওয়ার পর নীরব ছিলেন দুজনেই। গত বছরের মাঝামাঝি সময়ে বিষয়টি নিয়ে মুখ খুলেন ম্রুণাল।  

তবে শুরুতে এটিকে ‘মজা’ হিসেবে দেখেছেন এই অভিনেত্রী। ‘অনলি কলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর সম্পর্কের বিষয়ে বলেছিলেন, “ধানুশ কেবল আমার ভালো বন্ধু।”  

আপনার জন্যই কি ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে চেন্নাই থেকে মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুশ? এই প্রশ্নের উত্তরে ম্রুণাল ঠাকুর বলেন, “ধানুশ ‘সন অব সরদার টু’ সিনেমার ইভেন্টে অংশ নিয়েছিলেন। এটাকে কেউ ভুলভাবে নেবেন না। কারণ উনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগন।” প্রেমের গুঞ্জনে ধানুশকে ‘বন্ধু’ বললেও বিয়ের গুঞ্জনে এখনো নীরব ম্রুণাল। 

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন তারা। এই দম্পতির দুই ছেলে—যাত্রা ও লিঙ্গা। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া।  তারপর পরিবার এবং আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা বহুবার করেও ব্যর্থ হন। ২০২৪ সালের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়