ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উত্তর কোরিয়ায় করোনার প্রথম রোগী শনাক্ত, দেশজুড়ে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১২ মে ২০২২   আপডেট: ১০:০৬, ১২ মে ২০২২
উত্তর কোরিয়ায় করোনার প্রথম রোগী শনাক্ত, দেশজুড়ে লকডাউন

উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। এরপর দেশজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিবিসি জানায়, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, পিয়ংইংয়ে অমিক্রন ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে কতজন আক্রান্ত হয়েছেন তা বলা হয়নি।

আরো পড়ুন:

এর আগে ২০২০ সালের জুলাইয়ে এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর লক্ষণ থাকায় সীমান্তবর্তী কেসাং শহরে সম্পূর্ণ লকডাউন আরোপের ঘোষণা দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, এটি ছিল ‘সবচেয়ে বড় জরুরি ঘটনা’। কিম জং উন কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে জরুরি বৈঠক করেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ৬ লাখের নিচে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৯২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৮২ হাজার ৬২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ১০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭০৪ জনে।

/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়