ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৬
সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

নিরাপদ আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুত মানুষ

সুদানের উত্তর কর্দোফান প্রদেশে বাস্তুচ্যুত পরিবারগুলোকে বহনকারী একটি গাড়িতে আধাসামরিক বাহিনী আরএসএফের ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ শিশু রয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তর কর্দোফান প্রদেশের রাহাদ শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। বাস্তুচ্যুত পরিবারগুলো দুবেকার অঞ্চলে চলমান ভয়াবহ যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছিলেন। পথে আরএসএফের ড্রোন তাদের লক্ষ্য করে হামলা চালায়।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, নিহত শিশুদের মধ্যে দুই নবজাতক শিশু ছিল।

নিরীহ মানুষের ওপর আরএফএসের এই হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত শুক্রবারও (৬ ফেব্রুয়ারি) উত্তর কর্দোফানে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবাহী একাধিক ট্রাকে ড্রোন হামলা চালায় আরএসএফ। এতে বেশ কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন নিহত ও বহু মানুষ আহত হন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘অসুস্থ মানসিকতা’ হিসেবে অভিহিত করেছে। 

যুক্তরাষ্ট্রের আরব ও আফ্রিকান বিষয়ক সিনিয়র উপদেষ্টা মাসাদ বুলোস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “দুর্ভিক্ষকবলিত মানুষের জন্য পাঠানো খাদ্য ধ্বংস করা এবং মানবিক কর্মীদের হত্যা করা একটি জঘন্য কাজ। ট্রাম্প প্রশাসন এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পোষণ করে এবং আমরা এর জবাবদিহিতা দাবি করছি।”

সুদানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন বলেছেন, “দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য খাদ্য নিয়ে যাওয়ার সময় এই হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।”

সুদান ডক্টরস নেটওয়ার্ক এই হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

গত বছরের অক্টোবরে এল-ফাশের শহরটি আধাসামরিক বাহিনীর দখলে যাওয়ার পর থেকে কর্দোফান অঞ্চলে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই আরো তীব্র হয়েছে। জাতিসংঘ এল-ফাশের শহরটিকে একটি ‘অপরাধস্থল’ হিসেবে বর্ণনা করেছে।

ক্ষমতার দখল ঘিরে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। গত তিন বছর ধরে চলা এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। 

জাতিসংঘের হিসাবে, সুদানে ২ কোটি ১০ লাখের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন এবং জনসংখ্যার দুই-তৃতীয়াংশেরই জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়