ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-বামের

কলকাতা ব্যুরো  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ২০:০৩, ১৬ মার্চ ২০২৬
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-বামের

ভারতীয় নির্বাচন কমিশন রবিবার (১৫ মার্চ) পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কমিশনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আজ সোমবার পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি ও বামফ্রন্ট তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ও ১৯২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট।

আরো পড়ুন:

সোমবার (১৬ মার্চ) বিকেলে দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে পশ্চিমবঙ্গে দলটির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিজেপির প্রথম দফার তালিকাতেই সবচেয়ে বড় চমক নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরে প্রার্থী হচ্ছেন, সেই ইঙ্গিত ইতিমধ্যেই তিনি দিয়ে রেখেছেন। আর সেই কেন্দ্রেই মমতার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন শুভেন্দু।

২০২১-এর নির্বাচনে মুখোমুখি লড়েছিলেন শুভেন্দু-মমতা। সেবার হেরেছিলেন মমতা। এবারও মমতাকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু। তাই নিজের গড় ধরে রাখার পাশাপাশি মমতার গড়ে মমতাকে হারাতে ভবানীপুরেও প্রার্থী হচ্ছেন তিনি। ফলে আবারও বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বৈরথের সম্ভাবনায় উত্তাল বঙ্গ রাজনীতির ময়দান।

প্রার্থী তালিকা অনুযায়ী, পুরোনো আসনে লড়বেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকেই প্রার্থী করা হয়েছে তাকে। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে শিবপুরের প্রার্থী করা হয়েছে অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ । বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণ আসনে গেরুয়া শিবির আস্থা রেখেছে ২১-এর জয়ী অগ্নিমিত্রা পলের উপরেই। সাবেক রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। তবে ১৪৪ জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম। উত্তরবঙ্গের প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অপরিবর্তিত। তবে প্রার্থী করা হয়নি অমিত শাহ ঘনিষ্ঠ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। 

অন্যদিকে, ২০২১ সালের বিধানসভা ভোটে নতুন প্রজন্মের বহু প্রার্থী দেওয়া হলেও এবার নবীন-প্রবীণ সমন্বয়ের প্রয়াস দেখা গেছে বামেদের প্রার্থী তালিকায়। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয় থেকে ১৯২ জন প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। 

চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম-সহ বামেদের শরিক দলগুলোর প্রার্থী তালিকা ঘোষণা করেন। যাদবপুরে বামেদের হয়ে ভোট লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, দমদম উত্তরে প্রার্থী হবেন দীপ্সিতা ধর, উত্তরপাড়া থেকে লড়াই করবেন মীনাক্ষী মুখার্জি। দীর্ঘ প্রার্থীতালিকা ঘোষণার আগে বিমান বসু ঘোষণা করেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আইএসএফ-এর। সেই প্রার্থীতালিকা অবশ্য ঘোষণা করেননি বিমান। আলাদা করে সেই তালিকা হয়ত ঘোষণা করবে আইএসএফ। পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা দেখে মনে হচ্ছে, এবারেরও বিভিন্ন বয়সের, বিভিন্ন বৃত্তের, বিভিন্ন সংগঠনের মানুষকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে বামেরা।

তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছে বেশ কয়েকটি নাম। এবারের প্রার্থী তালিকায় নেই সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো নাম। পাশাপাশি, অন্য কোনো পেশার বা বৃত্তের মানুষদেরও উপস্থিতি তেমন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সংগঠনের, রাজনীতির মানুষদেরই প্রার্থী করা হয়েছে।  

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে দু’দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ১৪২ আসনে। ভোট ফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলও একই দিনে ঘোষণা করা হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়