ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে রাতে মহাসড়ক অবরোধ

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৯ জুন ২০২৬   আপডেট: ০৯:১৫, ১৯ জুন ২০২৬
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে রাতে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে তালহা স্পিনিং লিমিটেডের শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে তালহা স্পিনিং লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে প্রায় ৩ ঘণ্টা পর রাত পৌনে ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

আরো পড়ুন:

শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়কের দুটি লেন দখল করে অবস্থান নিলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটির শ্রমিকদের গত মে মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ কয়েক দফা সময় পরিবর্তন করেছে। বেতন না পাওয়ায় কারখানা ছুটির পর শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা কারখানার ভেতরে আন্দোলন শুরু করেন। পরে রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহনের যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করলে কিছু শ্রমিক তাদের ক্ষোভ প্রকাশ করেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত পৌনে ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক সেলিনা আক্তার, সাহাজুল ইসলাম, মালেক মিয়াসহ আরো কয়েকজন বলেন, “আমরা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। কিন্তু বেতন দেওয়ার সময় মালিকপক্ষ লোকসানের কথা বলে। কয়েকদিন ধরে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো সমাধান হয়নি।”

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “রাত আনুমানিক ১০টা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/রফিক/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়