ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিন্নির জামিন নিয়ে চূড়ান্ত শুনানি আজ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৭, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিন্নির জামিন নিয়ে চূড়ান্ত শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক : বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি আজ।

বুধবার দুপুর ২টা থেকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হবে।

আদালতে মিন্নির পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং তার টিমের সদস্যরা। রাষ্ট্রপক্ষে শুনানি করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন।

এর আগে গত ২০ আগস্ট রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার কেস ডকেটসহ আসতে বলেন হাইকোর্ট। এ ছাড়া বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতে বলা হয়। মামলার চূড়ান্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

গত ১৮ আগস্ট বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন উপস্থাপন করা হয়।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন (১৭ জুলাই) মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর  বরগুনার আদালতে মিন্নির জামিন আবেদন জানালেও  তার জামিন মেলেনি। নিম্ন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করলেন মিন্নির আইনজীবীরা।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়