জাতির উদ্দেশে ভাষণে সিইসি
সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সিইসি এ এম এম নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। তিনি সকলকে শান্তি, সৌহার্দ্য ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার পাশাপাশি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ঐতিহাসিক মুহূর্তে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, বরং এটি একটি দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন।
রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। ভিন্নমতকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রহণ করে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান, ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য।
সিইসি আরও বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ের বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচনি কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হওয়া যাবে বলে তিন আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/এমএসবি/এসবি