ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  

নিজস্ব সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১৯ মে ২০২৬   আপডেট: ১২:৪৪, ১৯ মে ২০২৬
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  

মঙ্গলবার তেজগাঁওয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে দেশজুড়ে শুরু হলো তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমিসেবায় ডিজিটাল রূপান্তরের বার্তা নিয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এরপর ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি। 

আরো পড়ুন:

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ 'ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

ভূমি মেলার এবারের মূল প্রতিপাদ্য- 'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ’। মেলার মূল লক্ষ্য নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা।

মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ সময় কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ভূমি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার পক্ষ থেকে পাঁচটি স্টল রয়েছে। এছাড়া, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও মহানগরের সার্কেল অফিসগুলোর পক্ষ থেকে আছে ১৫টি স্টল। প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপন করা হয়েছে ২০টি করে ভূমিসেবা স্টল।

মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি), বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও আছে।

এসব স্টলে নাগরিকদের জন্য www.land.gov.bd  পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহ, মৌজা ম্যাপ প্রদান, ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের চেক বিতরণ, অভিযোগ গ্রহণ ও গণশুনানিসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

ঢাকা/নজরুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়