ঈদ আনন্দে চিড়িয়াখানায় ঘোরাঘুরি
ছবি: রাইজিংবিডি
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা যেন হয়ে উঠেছে এক প্রাণবন্ত উৎসবের জনপদ। সকাল গড়াতেই শহরের নানা প্রান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধুস্বজন আর শিশুদের হাসিমুখে ভরে ওঠে চিড়িয়াখানার প্রতিটি পথ, মোড়। ঈদের ছুটির নির্মল আনন্দ খুঁজতে হাজারো মানুষ ভিড় করেন প্রাণীদের এই নিরাপদ আশ্রয়ে।
শুক্রবার (২৯ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, চিড়িয়াখানার মূল ফটকের সামনে দীর্ঘ লাইন। কারো হাতে শিশুর ছোট্ট আঙুল, কেউবা পরিবার পরিজন নিয়ে এসেছেন। টিকিট কাউন্টারের সামনে উপচে পড়া মানুষের ভিড়েও ছিল উৎসবের আমেজ। শিশুদের চোখে-মুখে ছিল কৌতূহল আর আনন্দের ঝিলিক—কখন দেখা মিলবে বাঘ, সিংহ কিংবা জিরাফের।
চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতেই যেন এক ভিন্ন জগৎ। কোথাও বানরের দুষ্টুমি দেখে হাসছে শিশুরা, কোথাও হাতির ধীর পদচারণা দেখে বিস্ময়ে তাকিয়ে আছে মানুষ। রয়েল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে ছিল সবচেয়ে বেশি ভিড়। বাঘের একেকটি হেঁটে যাওয়া কিংবা গর্জনে দর্শনার্থীদের মাঝে তৈরি হচ্ছিল উচ্ছ্বাস। সিংহের অলস দৃষ্টিও যেন দর্শকদের কাছে ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
সবুজ গাছপালার ছায়াঘেরা পথে পথে পরিবারগুলোর আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায়। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ নিরিবিলি বসে ঈদের বিকেলটাকে স্মরণীয় করে রাখছেন প্রিয়জনদের সঙ্গে।
দর্শনার্থী মো. রাকিব হাসান বলেন, “ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করতে এসেছি। অনেক দিন পর সবাই মিলে বাইরে ঘুরতে বের হওয়া হলো। বাচ্চারা প্রাণীগুলো দেখে খুব খুশি।”
মোহাম্মদপুর থেকে আসা গৃহিণী শারমিন আক্তার বলেন, “চিড়িয়াখানা সব সময়ই পরিবারের জন্য সুন্দর একটি জায়গা। খরচ কম, আবার বাচ্চারাও অনেক কিছু জানতে পারে। ঈদের ছুটিতে তাই এখানে আসা।”
কলেজ শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, “আজ মানুষের অনেক ভিড়। তারপরও বন্ধুদের সঙ্গে ঘুরে ভালো লাগছে। বিশেষ করে সিংহ আর রয়েল বেঙ্গল টাইগারের সামনে সবচেয়ে বেশি ভিড় ছিল।”
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঈদের ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের চাপ অনেক বেড়েছে। এজন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আমাদের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন। দর্শনার্থীদের সুবিধার্থে পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনাতেও বিশেষ নজর রাখা হচ্ছে।”
ঢাকা/নজরুল/সাইফ
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু