ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, বাড়তি ভাড়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। তবে বাস কম থাকায় বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।
শুক্রবার (২৯ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসের জন্য অপেক্ষা করছেন সাধারণ যাত্রীরা।
কুষ্টিয়াগামী যাত্রী আমির হোসেন বলেন, ‘‘ঈদে বাড়ি যাইনি কারণ গোশত কেনার টাকা নেই। ঈদের দিন ঢাকায় কয়েকটি বাসায় গরু কেটে দেওয়ার কাজ করছি। সেখান থেকে কিছু গোশত পেয়েছি, তাই নিয়ে বাড়ি যাচ্ছি।’’
‘‘বাস ভাড়া বেশি চাচ্ছে। সাতশ টাকার ভাড়া নয়শ টাকা চাচ্ছে। অন্য কোনো উপায় নাই,’’ অভিযোগ করেন আমির হোসেন।
রংপুরগামী যাত্রী আয়েশা খাতুন। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘আমি ঢাকায় একটি বাসায় কাজ করি। বাড়িতে মা-বাবা, ভাই-বোন আছে। সেভাবে গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই। তাই আমাকে যে মাংস বাড়িওয়ালা দিয়েছে নিয়ে যাচ্ছি। কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখছি ভাড়া বেশি।’’
আমির হোসেনের মতো আয়েশা খাতুনও বাধ্য হয়ে বেশি মূল্য দিয়ে টিকিট কেটেছেন বলে জানান।
গাবতলীর বাস টার্মিনালের এসআর ট্রাভেলস কাউন্টার মাস্টার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘ঈদের সময় গাড়ি ঢাকা থেকে যাত্রী নিয়ে নামলেও ওদিক থেকে খালি আসতে হয়। আসার পথে কোনো যাত্রী পাওয়া যায় না। আমরা বাড়তি ভাড়া নিচ্ছি না, যাত্রীদের ঈদ বোনাসের কথা বললে যে যা দিচ্ছে তা রাখছি। জোর করছি না। এটা মালিকরাও জানে।’’
নাবিল পরিবহনের কাউন্টার মাস্টার সাকিল আহমেদ বলেন, ‘‘সাধারণত ঈদের পরদিন যাত্রী কম থাকার কথা, কিন্তু আজও মানুষের চাপ আছে। এখন গাবতলীতে যাত্রী তুলনায় বাস কিছুটা কম। আমরা সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট কাটছি। তবে ঈদ উপলক্ষে হেলপার ও চালককে যাত্রীরা খুশি হয়ে সামান্য কিছু টাকা বকশিস দিতে পারে।’’
ঢাকা/রায়হান//
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু