ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১২ এপ্রিল ২০২৩  
জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন: ফখরুল

ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১২ এপ্রিল) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। 

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধকালে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তীকালে স্বল্পমূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সকল সঙ্কটে তিনি এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে। দেশ ও জনগণের কল্যাণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম তাকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন। 

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ডা. জাফরুল্লাহ আওয়ামী সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে আমি শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়