ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপির মন্ত্রী-এমপিদের জন্য ২ দিনের কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৬ মার্চ ২০২৬  
বিএনপির মন্ত্রী-এমপিদের জন্য ২ দিনের কর্মশালা শুরু

গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হওয়া কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবনির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের জন্য দুদিনের একটি কর্মশালা শুরু করেছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল  থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়।

আরো পড়ুন:

কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।

বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ৬ মার্চ দুটি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল আড়াইটায়, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেবেন।

দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে সকাল ও বিকেলের দুটি সেশন অনুষ্ঠিত হবে। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, কর্মশালায় সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে অংশগ্রহণের নিয়ম, পয়েন্ট অব অর্ডার উত্থাপনের পদ্ধতি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট বরাদ্দ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি একজন সংসদ সদস্যের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা থাকবে।

এছাড়া নিজ নিজ এলাকার সমস্যা সংসদে উপস্থাপন এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে স্থানীয় সরকার ও মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুত করতেই এই নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ঢাকা/আলী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়