‘সেঞ্চুরি’ ক্ষুধায় নাঈম ইসলাম
নাঈম ইসলাম
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পাঁচ ম্যাচে চার সেঞ্চুরি নাঈম ইসলামের। চোখ কপালে উঠার মতই ব্যাপার। কিন্তু এতটুকুতে সন্তুষ্ট নন ‘ছক্কা নাঈম’ খ্যাত নাঈম ইসলাম। বিসিএলের শেষ ম্যাচে সেঞ্চুরির টার্গেট ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটসম্যানের। অর্থাৎ বিসিএলের ছয় রাউন্ডে পাঁচটি সেঞ্চুরি লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন নাঈম। ‘সেঞ্চুরি’ ক্ষুধায় মগ্ন নাঈম।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের চতুর্থ দিন শেষে রাইজিংবিডির মুখোমুখি হন বিসিবি নর্থের নাঈম ইসলাম। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক ইয়াসিন হাসান। তার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল।
প্রশ্ন : ওয়ালটনের বিপক্ষে সেঞ্চুরিটিকে কিভাবে মূল্যায়ন করছেন?
নাঈম ইসলাম: ভালো। খুব ভালো লাগছে। ধারাবাহিকভাবে রান পাচ্ছি।
প্রশ্ন : নিজের ইনিংসটিকে আউট অব টেনে কত দিবেন?
নাঈম ইসলাম: টেন।
প্রশ্ন :পরপর তিনটি সেঞ্চুরি, পাঁচ ম্যাচে চার সেঞ্চুরি। এত ভালো সময় কি এত লম্বা সময়ে এর আগে কখনো গিয়েছে?
নাঈম ইসলাম: না এরকম জায়নি কখনোই। এজন্যই বেশি ভালো লাগছে। সময়টাকে বেশ উপভোগ করছি।
প্রশ্ন : আপনি কিছুদিন আগে বলেছিলেন দলে ফিরতে অসাধারণ কিছু করতে হবে। পাঁচ ম্যাচে চার সেঞ্চুরি কি অসারধাণের তালিকায় ফেলছেন?
নাঈম ইসলাম: আরও একটি রাউন্ডের খেলা বাকি আছে। যদি ছয় ম্যাচে পাঁচটিতে একশ হয় তাহলে আমি বলবো সেটা অসাধারণ কিছু।
প্রশ্ন : ছক্কা নাঈম থেকে ধৈর্য্যশীল নাঈম হয়ে উঠার টোটকা কি?
নাঈম ইসলাম: এভাবেই আমি আমার গেম প্ল্যান সেট করেছি। নিজেকে তৈরী করেছি। নিজের সঙ্গে কথা বলেছি। মাঠে গিয়ে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এভাবে করতে করতে হয়ে গেছে।
প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছে এমন কাউকে কি ফলো করছেন?
নাঈম ইসলাম: এ ওভাবে কাউকে ফলো করছি না। সবার খেলা কম-বেশি দেখা হায়। তবে বুলবুল ভাই (আমিনুল ইসলাম) উনার সঙ্গে প্রায়ই কথা হয় আমার। উনার থেকে অনেক বেশি সাপোর্ট পাই।
প্রশ্ন :বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আপনাকে কি বলছেন? একটু শেয়ার করবেন কী?
নাঈম ইসলাম: উনি আমাকে মানসিকভাবে অনেক সাহায্য করছেন। উনি আমাকে বলেছেন,‘খেলাধুলায় সব কিছু নির্ভর করে মানসিকতার উপর। মানসিকভাবে শক্ত হলে নিজেকে তৈরী করা যাবে, লক্ষ্যে পৌঁছানো যাবে।’ এছাড়া ভালো কিছু পরামর্শ দিয়ে থাকেন। যেগুলো আমার কাছে লাগছে।
প্রশ্ন : গতকাল কোচ বলেছিলেন, মানসিকভাবে বেশ শক্ত হয়ে উঠেছেন আপনি। একটু কি বলবেন কোন জিনিসগুলো নিয়ে কাজ করার কারণেই প্রবল শক্ত হতে পেরেছেন?
নাঈম ইসলাম: আসলে মানসিকভাবে শক্ত হতে আমি আমার নিজের উপর বিশ্বাস রেখেছি। এভাবে পারফর্ম করতে হবে, ওভাবে ওই বলটা খেলতে হবে। নিজের সঙ্গে আসলে নিজে যোগাযোগ বেশি করেছি। বুলবুল ভাইয়ের অনুপ্রেরণা কাজে আসছে। সাথে সাথে নিজের খেলার ধরণকে ওভাবে তৈরী করেছি।
প্রশ্ন :এটা কি আদর্শ সময় জাতীয় দলে ফেরার?
নাঈম ইসলাম: এটা কঠিন প্রশ্ন। আমার কাজটা আমি করে যাচ্ছি। আমার খেলা সবাই দেখছে, আপনারা দেখছেন। যখন নির্বাচকদের মনে হবে আমি ক্যাপাবল তখন অবশ্যই খেলব।’
রাইজিংবিডি/সিলেট/২৮ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল
রাইজিংবিডি.কম
চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী