ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিন ফরম্যাটেই ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাককালাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৩২, ৩ সেপ্টেম্বর ২০২৪
তিন ফরম্যাটেই ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাককালাম

ইংল্যান্ড জাতীয় দলের টেস্ট ফরম্যাটের কোচের দায়িত্বে আগে থেকেই ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও তার কাঁধে প্রধান কোচের দায়িত্ব তুলে দিলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ম্যাককালামের কোচ হওয়ার বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। নিউ জিল্যান্ড কিংবদন্তির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে ইসিবি। ৪২ বছর বয়সী ম্যাককালাম ম্যাথু মটের স্থলাভিষিক্ত হয়েছেন।

আরো পড়ুন:

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর চাপের মুখে গত জুলাইয়ের শেষ দিকে দায়িত্ব ছেড়ে দেন মট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন মার্কাস ট্রেসকোথিক।

ম্যাককালাম প্রধান কোচের দায়িত্ব নিলেও আপাতত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত থাকছেন ট্রেসকোথিক। ম্যাককালাম আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব শুরু করবেন ২০২৬ সাল্বের জানুয়ারিতে ভারত সফরে। এরপর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের সাদা বলের কোচ হয়ে আসেন ম্যাককালাম। দায়িত্ব নিয়েই টেস্টে ধরে খেলার বদলে মারকাটারি ব্যাটিং চালিয়ে খেলার পরামর্শ দেন দলকে। তার হাত ধরে নতুন ঘরানার টেস্ট খেলে দারুণ সব সাফল্য পায় ইংল্যান্ড। ম্যাককালামের ডাক নাম ‘বাজ’ অবলম্বনে ইংলিশদের এই কৌশল পরিচিতি পেয়ে যায় ‘বাজবল’ নামে।

সেই ধারা এবার সীমিত ফরম্যাটেও টেনে আনতে চান জানিয়ে ম্যাককালাম বলেন, ‘টেস্ট দলের সঙ্গে সময়টা পুরোপুরি উপভোগ করেছি। সাদা বলের দলে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে জস (বাটলার) ও দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি মুখিয়ে আছি।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়