ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে টাকা দাবি, জেল-জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৩ জুন ২০২৩  
সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে টাকা দাবি, জেল-জরিমানা

সাংবাদিক পরিচয় দেওয়া পাঁচ প্রতারক

সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ- ১৪-৬৮৫২)। গাড়িতে বিভিন্ন মিডিয়া হাউজের স্টিকার, ভিজিটিং কার্ড ও বুম ছিল। এই গাড়িতে চেপে কথিত ৫ সাংবাদিক সরাসরি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আসেন। তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে আর্থিক সুবিধা দাবি করেন। কিন্তু ম্যাজিস্ট্রেট তাতে রাজি না হলে তারা দূর থেকে এসেছেন তাই গাড়ির তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন। 

বিষয়টি সন্দেহ হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় মূলধারার গণমাধ্যম কর্মী এবং পরিচয় দেওয়া গণমাধ্যম গুলোর অফিসে যোগাযোগ করেন। তাতে ওই ব্যক্তিরা প্রতারণা করছেন বলে প্রমাণ মেলে। পরে তাদের জেল-জরিমানা করা হয়

আরো পড়ুন:

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি করা ৫ প্রতারককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের এই শাস্তি দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। 

সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদরের মৃত মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৫৪)। তিনি নিজেকে বিটিভির খোঁজ খবর অনুষ্ঠান ও সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটরের পরিচয় দেন। গাজীপুর মেট্রোপলিটন পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক দেওয়ান (২৪)। তিনি নিজেকে দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টারের পরিচয় দেন। একই পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি পরিচয় দেন টঙ্গী আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে নাজমুল ইসলাম সেলিম সরকার (৩৪) ও টঙ্গী এরশাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান (২৪)। এছাড়াও একই পত্রিকার রিপোর্টার পরিচয় দেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, যারা মিডিয়া হাউজের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্নস্থানে এ ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রফিক/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়