ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ ভ্যান চালকের লাশ মিললো খানজাহান আলী দিঘিতে

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ৫ ডিসেম্বর ২০২৩  
নিখোঁজ ভ্যান চালকের লাশ মিললো খানজাহান আলী দিঘিতে

নিখোঁজের পাঁচ দিন পর বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘি থেকে প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা (৪৫) নামের এক ভ্যান চালকের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে দিঘির পূর্ব পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া ব্যক্তির পরনে সোয়েটার, জামা ও লুঙ্গি ছিল। পরিবার লাশটি শনাক্ত করেছে। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে  বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন তিনি। এরপর থেকে তিনি আর ফেরেননি। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন স্ত্রী দিপিতা রানী দাস।

দীঘির পূর্বপাড়ের বাসিন্দা সুমনা আক্তার জুথি বলেন, থালা-বাসন ধোয়ার জন্য বাড়ির সামনে দীঘির ঘাটে যাই। তখন দীঘির মধ্যে অনেক দূরে একটি লাশ ভাসতে দেখি। পরবর্তীতে সবাইকে জানালে পুলিশ ও স্থানীয়রা লাশটি তীরে নিয়ে আসেন।

ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ৫-৬দিন আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়