বিএনপি ওপেনে ‘হ্যাঁ’ বললেও গোপনে ‘না’ এর পক্ষে: হাসনাত
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আখতার হোসেনের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় নাগরিক দলের (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘বিএনপি এখন ওপেনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষ নিলেও গোপনে ‘না’ এর পক্ষ অবলম্বন করে কার্যক্রম চালাচ্ছে।’’
এই ‘ওপেন-গোপনের খেলা’ বন্ধ করে বিএনপিকে জনতার কাতারে এসে দেশের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলায় কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘ফ্যাসিবাদের অন্যতম শক্তি জাতীয় পার্টি দেশের বিপক্ষে গিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে ‘না’ এর পক্ষে প্রচার চালাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে দলটি আওয়ামী লীগের সাথে মৃত হয়েছে।’’
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ফলাফলের পরে জাতীয় পার্টির ‘আনুষ্ঠানিক জানাজা’ হবে বলেও মন্তব্য করেন তিনি।
আখতার হোসেনের আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থীকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘বিড়ির ধোঁয়ায় ভরসা হারিয়ে গেছে। মাদক দিয়ে যাদের জীবিকা চলে, তাদের কাছে মানুষ ভালো কিছু আশা করতে পারে না।’’ ভোটের মাঠে শাড়ি-লুঙ্গি আর অর্থ নিয়ে আসলে তা ছুড়ে ফেলে গণঅভ্যুত্থানের অন্যতম মুখ আখতারকেই বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা। তিনি সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ছেলে।
আগামী নির্বাচনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করতে দেশের মানুষকে আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, ‘‘তরুণ ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সারথী হয়েছে ১১ দলীয় ঐক্যজোট।’’ তিনি তাকে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
আখতার হোসেনের সভাপতিত্বে এই নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মহানগরের আমির এটিএম আজম খানসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা।
ঢাকা/আমিরুল/বকুল