দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের নতুন জালেম হিসেবে অভিহিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘বর্তমানে দেশে এক নতুন জালেমের অবির্ভাব হয়েছে। তারা গুপ্ত সংগঠনের মাধ্যমে জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে চায়।’’
তিনি আরো বলেন, ‘‘আমার দেখেছি, নতুন জালেমদের নেতা কয়েকদিন আগে নারীদের বিষয়ে কলঙ্কিত একটি শব্দ ব্যবহার করেছেন। যে ব্যক্তি তার দেশের মা-বোনদের প্রতি কলঙ্কিত শব্দ ব্যবহার করে, যে দলের কাছে নারীদের সম্মান নেই; তাদের কাছ থেকে আর যাই হোক, দেশের অগ্রগতি আশা করতে পারি না।’’
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জনসভায় সভাপতিত্ব করেন।
জনসভায় তারেক রহমান বলেন, ‘‘বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে। এ জন্য দেশের মানুষ ১২ তারিখ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। যারা জনগণের ইচ্ছা মতো জনগণের কাছে জবাবদিহিতা করে দেশ পরিচালনা করবে।’’
নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, ‘‘নারীদের ঘরে বন্দি করে রেখে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের উন্নয়নে প্রত্যেক নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যারা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা যদি নির্বাচিত হন; তাহলে জনগণরে ভাগ্যে দুর্বিসহ অবস্থা হবে।’’
বিএনপির চেয়ারম্যান বরিশালের জনসভায় তার দল ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন, সেই বিষয়ে কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘‘বরিশাল-ভোলা ব্রিজ নির্মাণ করতে হবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। বরিশালকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে হবে। আপনারা ধানের শীষ নির্বাচিত করলে আমরা সেসব কাজ করতে পারব।’’
তিনি বলেন, ‘‘দেশের যে সকল কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, বিএনপি ক্ষমতায় গেলে তা মওকুফ করা হবে। যুবকদের বেকার সমস্যার সমাধান করা হবে। বরিশাল বিভাগের সকল জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে করে যুবকরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।’’
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য জহির উদ্দীন স্বপন, সাবেক সংসদ সদস্য আন্দালিন রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর প্রমুখ বক্তব্য রাখেন।
জনসভাস্থল ও আশপাশের এলাকা মানুষে পূর্ণ হয়ে যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়।
দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান বরিশালে পৌঁছান। দীর্ঘ দুই যুগ পর দলীয় প্রধানের আগমন কেন্দ্র করে ভোর থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা নগরের বান্দ রোডের বেলস পার্কের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে।
তারেক রহমান বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে জনসভাস্থলে আসেন। সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। বেলা ১২টা ২৭ মিনিটে তারেক রহমান জনসভার মঞ্চে পৌঁছান। দুপুর ২টায় বক্তৃতা শেষ করে বেলা আড়াইটার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হন।
তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেন ২০০৬ সালের ১৪ মে।
ঢাকা/পলাশ/বকুল