ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহী-২ আসনে নির্বাচনি মনোভাব নিয়ে জরিপ

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
রাজশাহী-২ আসনে নির্বাচনি মনোভাব নিয়ে জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের ভোটারদের রাজনৈতিক চিন্তা-ভাবনা তুলে ধরতে একটি গবেষণা জরিপের উপাত্ত প্রকাশ করা হয়েছে। ৮৮৯ জন ভোটারের অংশগ্রহণে পরিচালিত এই জরিপে দেখা গেছে, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীর সক্ষমতা রয়েছে বলে মনে করেন ৩৩.২ শতাংশ ভোটার। অন্যদিকে বিএনপির পক্ষে মত দিয়েছেন ২৫.৯ শতাংশ উত্তরদাতা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব উপাত্ত উপস্থাপন করেন ন্যাশনাল রিসার্চ ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. জে এএম সকিলউর রহমান।

তিনি জানান, রাজশাহী-২ আসনের ৩০টি ওয়ার্ডের প্রতিটি ভোটকেন্দ্র থেকে ভোটার তালিকার ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় স্ট্রাটিফাইড র‍্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি অনুসরণ করা হয়।

জরিপে অংশ নেওয়া ৮৮৯ জন ভোটারের মধ্যে পুরুষ ছিলেন ৫১.৬ শতাংশ এবং নারী ৪৮.৪ শতাংশ। জরিপের তথ্য অনুযায়ী, আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হবে বলে মনে করেন ৮৫.৫ শতাংশ উত্তরদাতা। এ বিষয়ে নেতিবাচক মত দিয়েছেন ১১.৭ শতাংশ এবং কোনো মতামত জানাননি ২.৮ শতাংশ।

ভোট প্রদানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৮৪.৫ শতাংশ উত্তরদাতা। অংশগ্রহণে অনিচ্ছুক ৩.১ শতাংশ এবং এখনও সিদ্ধান্ত নেননি ১২.৪ শতাংশ ভোটার। জুলাই সনদ বাস্তবায়ন চান ৬৭.৯ শতাংশ উত্তরদাতা, চান না ৫.৬ শতাংশ এবং এ বিষয়ে সিদ্ধান্তহীন রয়েছেন ২৬.৫ শতাংশ।

আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন ৩৩.২ শতাংশ, বিএনপির পক্ষে ২৫.৯ শতাংশ এবং অন্যান্য দলের পক্ষে ৪.৯ শতাংশ উত্তরদাতা। তবে ৩৬ শতাংশ ভোটার এখনও কোনো দলের ব্যাপারে সিদ্ধান্ত নেননি।

জরিপে আরো উঠে এসেছে, ভোটারদের অগ্রাধিকারের তালিকায় দুর্নীতি প্রতিরোধ শীর্ষে রয়েছে—যা উল্লেখ করেছেন ২৪.৬ শতাংশ উত্তরদাতা। এরপর কর্মসংস্থান ১৯.৩ শতাংশ, শিক্ষা ১৫.৯ শতাংশ, অর্থনৈতিক উন্নয়ন ১৩.২ শতাংশ এবং অন্যান্য বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন ২৭ শতাংশ ভোটার।

সম্মেলন শেষে ন্যাশনাল রিসার্চ ফোরামের সদস্য স্বপন কুমার রায় বলেন, “এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান। আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই। দেশের উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের গবেষণা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরো জানান, গত ৫ ডিসেম্বর থেকে এই জরিপ কার্যক্রম শুরু হয়েছে এবং গবেষণাটি চলমান রয়েছে। “আজ গবেষণার একটি অংশের উপাত্ত প্রকাশ করা হয়েছে। নির্বাচন শেষে পূর্ণাঙ্গ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে,” বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল রিসার্চ ফোরামের সদস্য ডা. নাজীব ওয়াদুদসহ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা।

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়