নতুন কৌশলে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “নতুনভাবে ও ভিন্ন কৌশলে দেশে আবার ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “দেশে আর যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নতুন কায়দা ও নতুন অবয়বে কেউ যেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।”
তিনি দাবি করেন, “গত ১৬-১৭ বছরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। ভোটের দিনে যে উৎসবমুখর পরিবেশ থাকার কথা, তা ধ্বংস করা হয়েছে। নির্বাচন জনগণের অধিকার প্রয়োগের উৎসব হলেও বিগত সময়ে ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতির মাধ্যমে সেই পরিবেশ নষ্ট করা হয়েছে।”
মতবিনিময় সভায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন,“রাজনৈতিক নিপীড়নের সময় অনেক ঘটনা সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। অনেক ক্ষেত্রে গভীর রাতে নেতাকর্মীদের তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ অস্বীকার করলেও সাংবাদিকরা তা প্রকাশ করেছেন, ফলে অনেকেই রক্ষা পেয়েছেন।”
তিনি বলেন,“সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে অসভ্য ও উগ্র আচরণ বাড়ছে, যা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হতে পারে।ধর্মকে ব্যবহার করে কোনো শক্তি যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তবে তা আরো ভয়াবহ হবে।”
রিজভী বলেন, “ভোটাধিকার নিশ্চিত হলে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং গণতন্ত্রকামী শক্তির প্রতিফলন ঘটবে।”
তিনি আশা প্রকাশ করেন, “আগামী নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে।”
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জবিউল্লাহ এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/আলী/সাইফ