চট্টগ্রামে ভাইয়ের হাতে বড় বোন নিহত, অভিযুক্ত আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
জানে আলম
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় বোন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন হত্যার এ তথ্য জানান।
নিহতের নাম সেনোয়ারা বেগম (৬৫)। আটককৃতের নাম জানে আলম। তারা সম্পর্কে ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারাবির নামাজের সময় জানে আলম বোনের বাসায় যান। এ সময় পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিরোধ সহিংসতায় রূপ নেয়। এ সময় জানে আলম তার বোনকে আঘাত করেন। ঘটনাস্থলেই সেনোয়ারা বেগমের মৃত্যু হয়।
সূত্র জানায়, ঘটনার পর জানে আলম এলাকা ছাড়ার চেষ্টা করেন। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, “পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ