রাজশাহীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রিকশাচলক মকবুলের লাশ শনিবার রাতে পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুর থেকে মকবুল হোসেন (৬০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, রাত ১২টার দিকে পুঠিয়া থানার পাশে শিবচৌকি পুকুরে মরদেহ দেখতে পান স্থানীয়রা।
মারা যাওয়া মকবুলের বাড়ি বারইপাড়া কলোনীপাড়াতে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীর ফুলে গেছে। দেখে মনে হয়েছে, দুই থেকে তিন আগে তিনি মারা গেছেন।
ওসি বলেন, “ওই ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছেন না কি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে। পরে পরিবার যেভাবে চাইবে, সেভাবে মামলা নেওয়া হবে।”
ঢাকা/মাহী/মাসুদ