কালাকচুয়ায় নিহত ৪ জনের বাড়ি লক্ষ্মীপুরে
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন একই পরিবারের। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, তার বোন ঝর্ণা বেগম, ভাগ্নি লাবিবা ও ভাগ্নে আবরার। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। তবে, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেটকার ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা চট্টগ্রামগামী ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে ময়নামতি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। বর্তমানে আরশাদ নামের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মবিন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ