ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা, মামলা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:১২, ১ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা, মামলা 

মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় গ্রেপ্তার পারভেজ (মাঝে)।

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গজারিয়া থানায় মামলা করেছেন আহত মুক্তিযোদ্ধার ভাতিজা মো. আসাদ। মামলায় ১০ জনকে এজাহারনামীয় এবং ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহারনামীয় আসামি পারভেজকে (৪০) মঙ্গলবার রাতে বালুয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

আরো পড়ুন:

এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ওই মুক্তিযোদ্ধার ওপর হামলা হয়। আহত মুক্তিযোদ্ধার নাম অহিদুজ্জামান (৭২)। তিনি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির মাপ সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় নাসিমুল ও মনির হোসেনের সঙ্গে অহিদুজ্জামানের সালিশ চলছিল। একপর্যায়ে তিনি একা মহাসড়কের পাশে গেলে দনিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন প্রধানের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তারা তাকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন অহিদুজ্জামানকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুহিনের বাবা খোকন প্রধানের সঙ্গে জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল অহিদুজ্জামানের।
 
অহিদুজ্জামান বলেন, “সালিশ থেকে বের হওয়ার পর তুহিন ও তার সহযোগীরা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।” 

অভিযুক্ত তুহিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমীন সুলতানা বলেন, ‍“আহতের অবস্থা গুরুতর ও সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যক্তির একটি হাত ও পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।” 

ঢাকা/রতন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়