গজারিয়ায় নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীর তীর থেকে তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে শুক্রবার সকালে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদী থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার হয়। স্থানীয়দের ধারণা, মেয়েটিকে অন্য কোথাও হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমান। গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”
ঢাকা/রতন/মাসুদ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ