ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন সরকারের শপথে জাবিতে সমবেত কণ্ঠ

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
নতুন সরকারের শপথে জাবিতে সমবেত কণ্ঠ

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীমা সুলতানা। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “আজকের এই গণতান্ত্রিক শুভ সূচনায় আমরা একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেছি। যখনই দেশ পথ হারিয়েছে, জাতীয় সংগীত আমাদের দিকনির্দেশনা দিয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও এই সংগীত আমাদের নতুন উদ্যমে উজ্জীবিত করেছে। আজকের আয়োজনের মাধ্যমে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।”

অধ্যাপক শামীমা সুলতানা বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত করাই ছিল আমার মূল লক্ষ্য। আমরা চাই, রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রায় সবাই অংশীজন হোক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ—সবাই মিলে একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের উদ্দেশ্য।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “দেশের প্রতিটি সংকটময় সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছেন। নতুন সরকারের শপথের দিনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ১৯৭১ ও ২০২৪ সালের আত্মত্যাগ আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”

তিনি আরেো বলেন, “জেনারেশন জেডের আত্মত্যাগে অর্জিত এই পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রক্টর একেএম রাশিদুল আলম, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়