৩ বছর দেশসেরা র্যাংকিংয়ে থেকেও অগ্রগতিহীন বাকৃবি
লিখন ইসলাম, বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আন্তর্জাতিক র্যাংকিংয়ে উপস্থিতি বজায় থাকলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর শিক্ষা ও গবেষণার মান নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি প্রকাশিত বিষয়ভিত্তিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৬ অনুযায়ী, কৃষি ও বনবিদ্যা বিষয়ে টানা তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ২৫১-৩০০তম অবস্থানে রয়েছে। তবে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাকৃবি।
তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে বাকৃবির অবস্থান ছিল ৩০১-৩৫০তম। সেখান থেকে উন্নতি করে ২০২৪ সালে ২৫১-৩০০তম স্থানে উঠে এলেও, পরবর্তী তিন বছরে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখলেও, উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
তবে এই অবস্থান ধরে রাখার পেছনে গবেষণার অবদান উল্লেখযোগ্য। বিশেষ করে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে বাকৃবি পেয়েছে ৮৪.৮ স্কোর, যা এ ক্ষেত্রে তাদের সর্বোচ্চ অর্জন। এছাড়া, অন্যান্য সূচকের মধ্যে এইচ-ইনডেক্স সাইটেশনস ৬৬.৪, এমপ্লয়ার রিপুটেশন ৫২.৬, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক ৪১ এবং একাডেমিক সুনাম ৩৮.১ স্কোর অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
অন্যদিকে, কিউএস ২০২৬ সালের র্যাংকিং অনুযায়ী আঞ্চলিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাকৃবির অবস্থান ৯৫তম। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রয়েছে ৩৭৮তম (সমমান) স্থানে। এছাড়া সামাজিক ও পরিবেশগত অবদানের স্বীকৃতিস্বরূপ কিউএস সাসটেইনেবিলিটি র্যাংকিংয়ে বাকৃবির অবস্থান ১২০১-১২৫০তম, যা গত বছর ছিল ১৩৫১-১৪০০তম।
এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই অবস্থানে আমরা আনন্দিত হলেও পরিতৃপ্ত নই। আগামী দিনে যেন আমাদের অবস্থান আরও উন্নত হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই নিরলসভাবে কাজ করে যাবে।”
ঢাকা/জান্নাত
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়