ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৫ম গ্রেডে উন্নীতকরণ চেয়ে বেরোবি কর্মকর্তাদের আবেদন

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৪ এপ্রিল ২০২৬  
৫ম গ্রেডে উন্নীতকরণ চেয়ে বেরোবি কর্মকর্তাদের আবেদন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭ম গ্রেডভুক্ত কর্মকর্তারা প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধাসহ দ্রুত ৫ম গ্রেডে পদোন্নতির দাবিতে আবেদন জানিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমানের কাছে এ আবেদন জমা দেন।

আরো পড়ুন:

আবেদনে কর্মকর্তারা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে পদোন্নতি বা আপগ্রেডেশন সংক্রান্ত নির্ধারিত নীতিমালা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে পদোন্নতির জন্য বাছাই বোর্ডের সাক্ষাৎকার অনুষ্ঠিত হলেও কাউকেই সুপারিশ করা হয়নি। পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি জানান, সহকারী রেজিস্ট্রার বা সমপদে (৭ম গ্রেড) কর্মরত কর্মকর্তাদের বর্তমান পদে অন্তত চার বছর চাকরি করতে হবে এবং সার্ভিস লেনথ গণনা করা হবে না। যদিও এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উপাচার্যের মৌখিক আশ্বাস অনুযায়ী চার বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর, আগস্ট ২০২৫-এ মেয়াদ পূর্ণ হলে কর্মকর্তারা পুনরায় আবেদন করেন। এরপর ২৬ নভেম্বর ২০২৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাছাই বোর্ডের সাক্ষাৎকারের জন্য নোটিশ দেওয়া হলেও দু’বারই তা অজ্ঞাত কারণে স্থগিত করা হয়।

এ অবস্থায় কর্মকর্তারা দাবি জানিয়েছেন, অন্যান্য বোর্ড স্থগিত রেখে আগে তাদের পদোন্নতির বোর্ড আয়োজন করতে হবে এবং প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, “তাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আগেরবার বিশেষজ্ঞরা উপস্থিত হতে পারেননি, তবে এবার তারা আসবেন।”

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়