ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবিতে প্রথমবার নারী গার্ড নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২২ মে ২০২৬  
জাবিতে প্রথমবার নারী গার্ড নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ

ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে প্রথমবারের মতো নারী গার্ড নিয়োগ দিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। একইসঙ্গে কিছু সংখ্যক পুরুষ গার্ড নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্ট্রার অফিসের অধীনে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডে (৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা) মোট ১৫ জন গার্ড নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১০টি পদে পুরুষ গার্ড এবং ৫টি পদে প্রথমবারের মতো নারী গার্ড নিয়োগ দেওয়া হবে।

উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস চাওয়া হয়েছে। তবে এসএসসি বা এইচএসসি পাস এবং আনসার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (jobs.juniv.edu) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যার সঙ্গে ১ দশমিক ২০ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

অনলাইনে আবেদন করার শেষ সময় আগামী ১৮ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পূরণকৃত আবেদন ফর্ম ও পেমেন্ট রসিদ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করে আগামী ২১ জুনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে হার্ডকপি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মে রাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টার ঘটনার পর থেকেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অন্যতম প্রধান অভিযোগ ছিল, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নেই, বিশেষ করে নারী নিরাপত্তাকর্মীর ঘাটতি রয়েছে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সাম্প্রতিক পরিস্থিতির মধ্যেই প্রশাসন প্রথমবারের মতো নারী গার্ড নিয়োগের আনুষ্ঠানিক উদ্যোগ নিল।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়