ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শত্রুতার জেরে বিষ প্রয়োগে ঘেরের ২০০ মণ মাছ নিধন 

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  
শত্রুতার জেরে বিষ প্রয়োগে ঘেরের ২০০ মণ মাছ নিধন 

শরীয়তপুরের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে রাজ্জাক তালুকদারের (৫০) মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে অন্তত ২০০ মণ মাছ মারা গেছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

এ ঘটনায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চার জনের নাম উল্লেখ করে পালং মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন রাজ্জাক তালুকদার।

আরো পড়ুন:

স্থানীয়, ভুক্তভোগী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার চরপালং এলাকার মাছ চাষি রাজ্জাক তালুকদার পৌর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ৬ একর জমির পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। শুরু থেকে তার প্রতিপক্ষ কয়েকজন মাছের ঘেরে কয়েকবার বিষ প্রয়োগ করার চেষ্টা করে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন রাজ্জাক তালুকদার। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রাতের আঁধারে ঘেরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। বিষের প্রভাবে ঘেরের রুই, কাতলা, মৃগেল, মিনারকাপসহ বিভিন্ন প্রজাতির ২০০ মণ মাছ মরে পানিতে ভেসে ওঠে বলে তিনি থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী রাজ্জাক তালুকদার বলেন, ‘আমি অনেক টাকা ঋণ করে এই মাছের খামার করেছি। প্রতিপক্ষের লোকজন শুরু থেকে আমার মাছ চাষে বাধা দিয়ে আসছে। আমি এ বিষয়ে থানায় জানালে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। এরপরও তারা আমার ঘেরে আবারও বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। আমি এখন পথে বসে গিয়েছি। এ ঘটনায় কাছে সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয় বাসিন্দা ফজলুল হক মাদবর বলেন, ‘মাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এই অবস্থায় এমন ক্ষতি মেনে নেয়ার মতো না। যারা এ ঘটনায় জড়িত তাদের সঠিক বিচারের দাবি জানাই।’ তবে এ বিষয়ে প্রতিপক্ষের কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 

আকাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়