ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের আগে প্রবাসী আয় সাড়ে ৩৬ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৪ মে ২০২৬   আপডেট: ১৮:১০, ২৪ মে ২০২৬
ঈদের আগে প্রবাসী আয় সাড়ে ৩৬ হাজার কোটি টাকা

ঈদুল আজহা সামনে রেখে দেশে প্রবাসী আয় বেড়েছে।

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। ঈদ সামনে রেখে অন্যান্য বছরের মতো এবারও প্রবাসীরা দেশে পরিবার-পরিজনের কাছে অর্থ পাঠাচ্ছে। আর এর ধারাবাহিকতায় মে মাসের ২৩ দিনে দেশে প্রবাসী আয় ২৯৭ কোটি ডলার ছাড়িয়েছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার ৫৩১ কোটি টাকা।

রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২৩ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার ৫৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা)। সেই হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১ হাজার ৫৮৮ কোটি টাকার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ডলার। আগের বছর একই সময়ে এসেছে ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার। 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া চলতি মাসে ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়বে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।
 

ঢাকা/নাজমুল/বকুল/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়