৫ সিটিতে পশুর হাটে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা চালুর নির্দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ ও সহজ লেনদেনের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর সিটি করপোরেশনের কোরবানির পশুর হাট-সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ২৪ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত কোরবানির পশুর হাটের কাছাকাছি অবস্থিত নির্বাচিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
অস্থায়ী বুথ ও নতুন হিসাব খোলার সুযোগ
বাংলাদেশ ব্যাংক জানায়, কোরবানির পশুর হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ও জালিয়াতি রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ব্যাংকগুলো পশুর হাটের ভেতরে অস্থায়ী বুথ স্থাপন করতে পারবে। এসব শাখা, উপশাখা বা বুথে নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি তাৎক্ষণিকভাবে নতুন ব্যাংক হিসাব খোলার সুবিধাও রাখতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরো বলা হয়েছে, পশুর হাটে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে অতিরিক্ত সময় (Shift) দায়িত্ব পালনকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়ম অনুযায়ী বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে।
ঢাকা/নাজমুল/রফিক
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান