‘ঢাকায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে, ৩ দিন অনলাইনে ক্লাস হবে’
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী।
যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা মহানগরীর নির্বাচিত কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সরাসরি (অফলাইন) ও তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকে যা পাইলটিং আকারে শুরু করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষা প্রতিষ্ঠানে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি আরো বলেন, “এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যারা সক্ষমতা রাখে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা এই ‘ব্লেন্ডেড এডুকেশন’ বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে সশরীরে শনিবার, সোমবার ও বুধবার ক্লাস চলবে। আর অনলাইনে (বাসায় থেকে) ক্লাস হবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে।
শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হলেও, শিক্ষকদের স্কুলেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষকরা বাসায় বসে ক্লাস নেবেন না বলে উল্লেখ করেন তিনি।
বাসস জানায়, সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক ও রাজধানীর বিভিন্ন সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইভা
ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প